Saturday, April 27, 2013

আমি একটি মেয়েকে ভালোবাসি

আমি একটি মেয়েকে ভালোবাসি। মেয়েটিও আমাকে ভালোবাসে। মেয়েটি জাতিতে ত্রিপুরা। বর্তমানে ১০ম শ্রেণীতে পড়ে। বয়স ১৭ বছর। তাকে আমি দুই বছর পর বিয়ে করতে চাই। আমি কি তাকে সাধারণভাবে বিয়ে করতে পারব? বিয়ের পর তার পরিবার আইনি ব্যবস্থা নিলে আমার কোনো সমস্যা হবে না তো? বিয়ের পর তার লেখাপড়ার সনদ কি আগের নামেই হবে, নাকি আমার দেওয়া নতুন নামে হতে পারে?
মো. হূদয় ইসলাম (ছদ্মনাম)
দিনাজপুর।
 মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হলে আপনারা স্বেচ্ছায় বিয়ে করতে পারেন এবং এ ক্ষেত্রে মা-বাবা আইনগত কোনো সমস্যার সৃষ্টি করতে পারেন না।
বিয়ের পর আপনি আপনার স্ত্রীর নাম পরিবর্তন করতে পারেন এবং সে ক্ষেত্রে সনদপত্রে সংশোধিত নাম প্রদানের আবেদন করতে পারেন।

 আমি একজনকে খুব ভালোবাসি। আমাদের সম্পর্কের দুই বছর হয়ে গেছে। সমস্যা হলো সে বিবাহিত। আমার সঙ্গে যখন তার প্রথম পরিচয় হয় তখন তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার কাছে সে কখনো কিছু লুকায়নি। এক বছর আগে আমরা বিয়ে করেছি। কিন্তু বিয়েতে কোনো কাবিন হয়নি। আমরা কাজি ডেকে তিনজন সাক্ষী রেখে বিয়ে করেছি। তার আগের স্ত্রী থাকায় আমরা তার ভয়ে কাবিন করিনি। দুই মাস আগে সে তার স্ত্রীকে তালাকের চিঠি পাঠায়। তার স্ত্রী কোনো মামলা করেনি। কিন্তু গত দুই মাস ধরে সে আমাকে বলছে, আমার সঙ্গে থাকা তার পক্ষে আর সম্ভব না। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়েটা কি বৈধ?
নাম প্রকাশে অনিচ্ছুক
 মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন ১৯৭৪ অনুযায়ী, কোনো কাজি বা নিকাহ রেজিস্ট্রার কোনো বিবাহ অনুষ্ঠান পরিচালনা করলে তাৎক্ষণিকভাবে ওই বিবাহ নিবন্ধন বা রেজিস্ট্রেশন করবেন। এ ধরনের বিবাহ নিবন্ধন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আপনার বিয়েতে স্বামী উপস্থিত ছিলেন, সেহেতু বিয়েটিকে বৈধ বলে ধরে নেওয়া যায় এবং আপনার বিয়েটি নিবন্ধনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার বয়স ২৬ বছর। আমার ঠাকুরদাদা এখনো জীবিত। ১০ বছর আগে আমার বাবা মারা গেছেন। আমার ঠাকুরদাদার অন্য আর এক ছেলে রয়েছে। অনেকে আমাকে বলে হিন্দু আইনে বাবা জীবিত থেকে ছেলে মারা যাওয়ায় তাঁর উত্তরাধিকার হিসেবে আমি আমার ঠাকুরদাদার সম্পদের অংশ পাব না।
যদি না পাই তাহলে আমার ঠাকুরদাদা কোনো উইলের মাধ্যমের আমার বাবার অংশ দিতে পারেন কি না? অথবা কীভাবে আমি আমার বাবার অংশ পেতে পারি?
জয় (ছদ্মনাম)
সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ।
 হিন্দু আইনে কোনো ছেলে তার বাবার উত্তরাধিকারী হিসেবে প্রতিনিধিত্ব করে থাকে। সুতরাং আপনার বাবার অংশ আপনার প্রাপ্য। এ ছাড়া জীবিত অবস্থায় আপনার ঠাকুরদাদা তাঁর সম্পত্তি আপনাকে দান করতে পারেন। তবে এ ধরনের দান অবশ্যই নিবন্ধন করে দিতে হবে।

 আমি ও আমার একমাত্র বড় বোন যখন খুব ছোট তখন আমার বাবা ও মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। মা অন্য একজনকে বিয়ে করেন। সেখানে তাঁর একটি সন্তান আছে। মা নানাবাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তির অংশীদার। ওই সম্পত্তিতে আমাদের কার কতটুকু অধিকার (ইসলামি আইন অনুযায়ী) তা জানালে কৃতজ্ঞ হব।
শাহেদ
কুমিল্লা
 প্রথমত, আপনার মায়ের সম্পত্তিতে তাঁর স্বামী ও তাঁর সন্তানরা অংশীদার হবেন। এ ক্ষেত্রে আপনার মায়ের স্বামী চার ভাগের এক ভাগ পাবেন। ছেলে হিসেবে বাকি সম্পত্তির চার ভাগের দুই ভাগ পাবেন আপনি এবং বাকি দুই ভাগ পাবেন আপনার দুই বোন।

 আমার বয়স ২৩। ২০০২ সালে বিয়ে হওয়ার পর আমার একটি কন্যাসন্তান হয়। নানা সমস্যার কারণে ২০০৬ সাালে আমার তালাক হয়। আমার মেয়ে তার বাবার কাছে আছে। সম্প্রতি একটি ছেলেকে পছন্দ হওয়ায় দুই মাস আগে আমরা বিয়ে করি। কাবিননামায় ছেলেটির কথামতো আমি এটি প্রথম বিয়ে উল্লেখ করি। বিয়ের কথা জানাজানি হয়ে গেলে ছেলেটির পরিবার তাকে আটকে রেখেছে। তার সঙ্গে আমার এখন কোনো রকম যোগাযোগ নেই। তার পরিবার আমার নামে মিথ্যা কথা লিখেছে কাগজে যে সে জানত না আমার আগে বিয়ে হয়েছে। এখন তারা চাইছে ছেলেকে দিয়ে জোর করে তালাক দেওয়াতে। কিন্তু আমি সেটা চাইছি না। সে ক্ষেত্রে আমি কোথায় গেলে বা কী করলে এর সমাধান পাব?
নাম প্রকাশে অনিচ্ছুক
 আপনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা করতে পারেন। তবে ছেলেটি নিজের ইচ্ছায় আপনাকে তালাক প্রদান করলে আপনার বিশেষ কিছু করার নেই। তবে আপনি দেনমোহর ও ভরণপোষণ দাবি করে মামলা করতে পারেন।

 আমার তালাক হয়েছে ২০১১ সালে। এখন আমার সাবেক স্বামী আবার আমাকে বিয়ে করতে চাইছে। এই বিয়ে কি ইসলামি আইনে হতে পারে? আমার মা-বাবা সব সময় এই বিয়ের জন্য আমাকে মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। আমার একটা মেয়ে আছে। আমার সাবেক স্বামীর সঙ্গে যখন থাকতাম তখন সে আমাকে শারীরিক ও মানসিকভাবে খুবই অত্যাচার করত। কিন্তু আমার পরিবারের সবাই তার অন্যায় আচরণগুলো মেনে নিত, এখনো পর্যন্ত সবাই ওকেই সমর্থন করে। নিজেকে বড় অসহায় লাগে। এ মুহূর্তে আমি কী করতে পারি?
তানহা
নাটোর।
 মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী, একই স্বামীর সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে কোনো বাধা নেই। এবং এ ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন বিবাহের কোনো প্রয়োজন নেই। সে ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি পুনরায় বিয়েতে আগ্রহী কি না।

আমাদের দাম্পত্য জীবন প্রায় ১৫ বছরের

আমাদের দাম্পত্য জীবন প্রায় ১৫ বছরের। ১৩ ও ৯ বছর বয়সী আমাদের দুটি সন্তান রয়েছে। আমরা দুজনই পেশাজীবী। নানা সংকটে ইতিপূর্বে দুবার আমাদের প্রায় ছাড়াছাড়ি হতে যাচ্ছিল। সন্তানদের কথা ভেবে আমি সব সহ্য করে দাম্পত্য সম্পর্ক অব্যাহত রাখি।
ইদানীং প্রবাসী এক বিপত্নীক ভদ্রলোকের সঙ্গে আমার স্ত্রীর বন্ধুত্ব হয়েছে। তাদের গভীর রাতের ফোনালাপ থেকে বুঝতে পারি, আমাদের দাম্পত্য পুনরায় গভীর খাদের কিনারে। তাকে বোঝাতে গেলে সে ভুল বোঝে। বলে, ‘এখন আর কাউকে হিসাব করি না, নিজের সুখের জন্য যা যা করা দরকার তা-ই করব, যেকোনো মূল্যে।’ ওর পরিবারও বিষয়টি জানে, ওরা বরং কে কে বিদেশে যেতে পারবে, সেই তালিকা নিয়ে ব্যস্ত।
আমার স্ত্রী ওই ভদ্রলোককে বিয়ে করে ফেলতে পারে। আমার দুর্বলতা হচ্ছে, আমার টাকা-পয়সা নেই। সন্তানদের রক্ষার্থে আমি কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক।
 আপনার স্ত্রীর আচরণে আপনি নিজে শান্তিতে নেই। পরিবারের মধ্যেও একটা অশান্তি বিরাজ করছে, যা আপনার সন্তানদের জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্ষতিকারক।
এ অবস্থা মুখ বুজে সহ্য করার কোনো কারণ নেই। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলে দেখুন, সে কী চায়। আপনি তাকে বলতে পারেন আপনার কষ্টের কথা। তবে আপনার আবেগকে যদি সে প্রাধান্য না দেয়, তবে সেই কথায় না যাওয়া ভালো। আপনি বলতে পারেন, এই অস্থিতিশীল পরিবেশ সংসারের ক্ষতি করছে। এরপর ধাপে ধাপে বিষয়টা কোন দিকে গড়ায়, সে ব্যাপারে লক্ষ রাখুন। বিয়ে বা সংসার নিয়ে ছেলেখেলা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না। আপনি এই অবস্থানে শক্ত থাকুন।

 আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছি, অবিবাহিত। চাকরির সুবাদে একটি ভাড়া বাসায় থাকার সময় দশম শ্রেণীতে পড়ুয়া প্রতিবেশী একটি মেয়ের সঙ্গে পরিচিত হই। আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, শুধু একটু-আধটু কথাবার্তা হতো।
জানতে পারলাম, তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল একজন বেকার ও বখাটে ছেলের সঙ্গে। একদিন রাতে বিয়ে দিতে চাইলে সে তার বান্ধবীদের বাড়িতে পালিয়ে যায়। সেখানে গিয়ে আমাকে ফোন করে বলে, ‘ভাইয়া, আমাকে বাঁচান, নতুবা আমি আত্মহত্যা করব।’ সেই রাতেই মেয়ের মা ও ছেলেটি গিয়ে তাকে ওই বাড়ি থেকে ধরে এনে প্রচণ্ড মারধর করে এবং বিয়ে না দিয়েই তাকে ওই ছেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সকালে মেয়েটি আমাকে ফোন করে এসব জানায়। আমি ওকে আমার এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিই। পরে সে তার নিজের বাড়িতে চলে যায়। এখন তার একটাই কথা, সে আর জীবনে বিয়ে করবে না। যদি বিয়ে দেয়, তাহলে আত্মহত্যা করবে। তাকে অনেক বোঝাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এদিকে এ বছর সে এসএসসি পরীক্ষাও দিতে পারছে না। আমার পক্ষে তাকে বিয়ে করাও সম্ভব হচ্ছে না। কারণ, আমার মা-বাবা অন্তত এইচএসসি পাস মেয়ে চান আমার জন্য।
তার পরিবারকে আমি বলেছি, ওর পড়ার খরচ আমি দেব। তবু তারা বিভিন্ন অজুহাত দেখায়। আমি জানি, ওকে জোরপূর্বক আবার বিয়ে দিতে চাইবে। তখন সে নিশ্চিত দুর্ঘটনা ঘটাবেই। এই নিয়ে আমি বেশ শঙ্কিত ও চিন্তিত।
নাম প্রকাশে অনিচ্ছুক
চট্টগ্রাম।
 মেয়েটি একটি জটিল অবস্থার মধ্যে আছে। চিঠি পড়ে মনে হচ্ছে, মেয়েটি আপনাকে পছন্দ করে এবং ভালোবাসে, একইভাবে আপনিও তাকে ভালোবাসেন।
মেয়েটির বয়স এখনো ১৮ হয়নি। আপনি তার পরিবারকে অনুরোধ করেন, যেন তারা এসএসসি পর্যন্ত তাকে পড়ার সুযোগ দেয়।
আপনি যদি মেয়েটিকে খুব বেশি পছন্দ করেন, তাহলে পারিবারিকভাবে প্রস্তাব পাঠাতে পারেন। সে যদি লেখাপড়া চালিয়ে যায়, তবে আপনি তাকে প্রাপ্তবয়স হলে বিয়ে করবেন।

 আমার বয়স ২৫ বছর। আমি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। পাশাপাশি খুব কষ্ট করে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। সামনে স্নাতক পরীক্ষা।
২০০৭ সালে আমার বিয়ে হয়। আবার এর তিন দিন পরই আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। খুব কষ্ট করেই নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। আমি আমার পরিবার থেকে কখনো ভালো আচরণ পাইনি। তারা সব সময় আমাকে বোঝা মনে করত।
আমাকে আবারও ২০১২ সালের জুলাইয়ে বিয়ে দেওয়া হয়। ছেলেও এর আগে বিয়ে করেছিল। বিয়ের পরদিনই বুঝতে পারলাম যে তার শারীরিক সমস্যা আছে। আমি তা-ও মেনে নিয়েছি। কারণ, এটা আমার দ্বিতীয় বিয়ে। কিন্তু আমার সঙ্গে সে খুব খারাপ আচরণ করে। তার কথামতো না চললেই আমার অতীত টেনে আমাকে কথা শোনায়। স্বামী আমার সঙ্গে এখন কথা ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমার পরিবার বলে, আমার নাকি ভাগ্যই খারাপ এবং কপালে নাকি সুখ নেই। আমি খুব হতাশায় ভুগছি। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। কিন্তু আমি বাঁচতে চাই। দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ আমার স্বাভাবিক জীবনযাপনকে নষ্ট করে দিচ্ছে। কীভাবে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব?
সারা
টাঙ্গাইল।
 আপনার চিঠি থেকে সঠিক বোঝা যাচ্ছে না আপনি আপনার বাবার বাড়িতে আছেন, নাকি স্বামীর বাড়িতে। যেখানেই থাকুন, আপনি মনোযোগ দিয়ে লেখাপড়া করুন এবং স্নাতক শেষ করুন।
আমি তো বলব, আপনি অসাধারণ। আপনি অল্প বয়সী একটি মেয়ে। আপনি শুধু সমাজ এবং পরিবারের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে আপনার স্বামীর অক্ষমতাকে প্রকাশ করেননি।
আপনি লেখাপড়া শেষ করে পেশাদারি জীবনের পরিকল্পনা করুন। এই বিয়েটা না থাকাই ভালো। কোনো বিবেচনাতেই এই বিয়ে টেকে না। আপনি ভালো চাকরির চেষ্টা করুন। দেখবেন, আপনার জীবনে সন্তুষ্টি আসবে। সেদিন আপনি নিজেকে সাধারণ বলে গণ্যও করবেন না।

Tuesday, March 19, 2013

hello


আমি স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র

আমার শ্বশুরের তিন মেয়ে। কোনো ছেলে নেই। 
তিনি পালক হিসেবে একটি ছেলে নেন। এখন ছেলেটি একটি চাকরি করেন, স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন। তিনি আমার শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করেন না। কয়েক বছর আগে আমার শ্বশুর তাঁর নামে কিছু জমি দলিল করে দিয়েছেন। কিন্তু দলিলে তাঁর পিতার নামের জায়গায় আমার শ্বশুরের নাম দেওয়া হয়েছে। কিন্তু আমার শ্বশুর তো তাঁর জন্মদাতা পিতা নন। তাহলে সেই দলিল বৈধ হয়েছে কি না, যদি হয়ে থাকে তাহলে তা কীভাবে প্রত্যাহার করা যায়? আমার শ্বশুর সিদ্ধান্ত নিয়েছেন সেই জমি ফেরত আনার জন্য।
মো. নাসির উদ্দিন আহমেদ
 আপনার শ্বশুর তাঁর জীবিতাবস্থায় যে জমি তাঁর পালক সন্তানকে দান করেছেন, তা হস্তান্তরের পর ফেরত পাওয়া সম্ভব নয়। দান করা সম্পত্তি দেওয়ার পর ওই দান প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

আমি স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। 
দুই বছর আগে আমার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়। তাকে আমি অনেক ভালোবাসি। তার সঙ্গে আমার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। ছয় মাস ধরে এই মেয়ে আমাকে বিয়ে করার জন্য বলছে। আর আমিও বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ জানতে পারলাম, অন্য একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে। আমি আমার ভালোবাসাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি যদি এ মেয়েকে বিয়ে না করি তাহলে সে আমাকে কোনো জটিলতায় ফেলতে পারবে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন দণ্ডনীয় অপরাধ। মেয়েটি যদি আপনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনে আদালতে প্রমাণ করতে পারে, তাহলে আপনার শাস্তি হতে পারে।

আমরা ছয় ভাই, আমি বড়।
 আমি ২০০৯ সালে আমার পছন্দের মেয়েকে আমার বাবার বিনা অনুমতিতে বিয়ে করি। চার বছর ধরে আমার সঙ্গে আমার বাবার যোগাযোগ নেই। আমি যোগাযোগ করার অনেকবার চেষ্টা করেছি, তিনি আমাদের মেনে নেননি। বর্তমানে আমার বাবা একটা মেয়েকে দত্তক নিতে চান। মাকে জোর করে রাজি করাতে চান। তিনি আমাদের ও মায়ের বিনা অনুমতিতে ওই মেয়েকে দত্তক নিতে পারবেন কি না? আমার মা রাজি না হলে তালাক দেওয়ার হুমকি দিচ্ছেন। এ নিয়ে বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারব কি না। আমাদের অগোচরে বাবা সেই মেয়েকে বিভিন্ন জিনিস ও পড়ালেখার খরচ দেন। এখন আমাকে ও আমার স্ত্রীকে যেহেতু তিনি মেনে নেবেন না, সেহেতু তিনি আমাকে ত্যাজ্যপুত্র করলে বা আমি ত্যাজপুত্র হতে চাইলে আমি আমার বাবার অর্থ ও সম্পত্তির ভাগ পাব কি না?
নাম প্রকাশে অনিচ্ছুক
সাতক্ষীরা
 চিঠিতে আপনি কোন ধর্মাবলম্বী তার উল্লেখ নেই। মুসলিম আইনে দত্তক নেওয়ার কোনো বিধান নেই। সুতরাং সে ক্ষেত্রে কোনো অনুমতির অবকাশ নেই। এ ছাড়া ইসলাম ধর্মে ত্যাজ্য করারও কোনো বিধান নেই। তবে আপনার পিতা জীবিতাবস্থায় তাঁর সম্পত্তি মেয়েটিকে দান করতে পারেন। সাধারণভাবে আপনি, আপনার ভাই ও মা আপনার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হবেন।

পাঁচ বছর আগে আমার এক চাচাতো বোনের বিয়ে হয়।
 তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। আমার চাচাতো বোন খুব মেধাবী ছিলেন এবং বিয়ের পর পড়তে দেবে এমন শর্তে তাঁকে বিয়ে দেওয়া হয়। কিন্তু পড়ার সুযোগ না পাওয়ায় তিনি পালিয়ে চলে আসেন। পরে আমার চাচাতো বোন তাঁর স্বামীকে তালাক দিতে চেয়েছিলেন কিন্তু আমার চাচা তাতে বাধা দেন। অবশেষে কাগজে-কলমে কোনো সমাধান না হলেও ছেলেপক্ষের আত্মীয়রা দাবি ছেড়ে দেন এবং ছেলেটি বিয়ে করেন। আমার বোনেরও বর্তমানে আবার বিয়ে হয়েছে। আমার বোনের দ্বিতীয় বিয়েটি বৈধ কি না? ভবিষ্যতে এটি নিয়ে কোনো আইনি সমস্যা হবে কি না?
নাম প্রকাশে অনিচ্ছুক
 যদি প্রথম বিয়েটি নিয়মমাফিক হয়ে থাকে তাহলে আত্মীয়দের দাবি ছেড়ে দেওয়া তালাক হিসেবে পরিগণিত হবে না। আপনার বোনকে তালাকের নোটিশ প্রদানের মাধ্যমে তালাক দিতে হবে এবং এই তালাক কার্যকর করতে তিন মাস সময় প্রয়োজন। সুতরাং নির্দিষ্ট নিয়মে তালাক দেওয়ার পরই আপনার বোন আবার বিয়ে করতে পারেন। নতুবা আইনগত জটিলতার সৃষ্টি হতে পারে।

বিয়ে নিয়ে আমার জীবনে এত কিছু ঘটে গেছে যে

বিয়ে নিয়ে আমার জীবনে এত কিছু ঘটে গেছে যে 
এখন আমি আর জীবন নিয়ে রঙিন স্বপ্ন দেখতে পারি না। কাউকেই বিশ্বাস করতে পারি না।
আমি গত বছর এমবিএ পাস করেছি। ব্যবসা করি অনেক দিন ধরে। পারিবারিকভাবে বিয়ের কথা চলছিল, কিন্তু এক আত্মীয়ের বিশ্বাসঘাতকতায় বিয়েটা ভেঙে যায়। পরে আরেক জায়গায় বিয়ে ঠিক হয়। সবকিছু ঠিকঠাক, আমি দেশে এলে বিয়ে হবে। আমি দুই মাস পর ব্যবসায়িক কাজ শেষে দেশে ফিরে জানতে পারি যে আমার ছোট ভাইয়ের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তা শুনে পরিবারের সবাই হতবাক।
আমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়ি। পরিবার থেকে আবার মেয়ে খুঁজে খুব দ্রুত বিয়ে হয় আমার। কিন্তু বিয়ের পর দেখা যায়, মেয়েটি মানসিক ও শারীরিক দিক দিয়ে অসুস্থ। এ অবস্থায় বিয়ের ১৫ দিনের মধ্যে তালাক হয়ে যায়। কী হতে কী হয়ে গেল জীবনে!
এখন আমাকে আবার বিয়ের ব্যাপারে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু বিয়ের কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়।
আহমদ
মৌলভীবাজার।
 বিয়েটাকে কেন্দ্র করে আপনার জীবনে যা যা ঘটেছে, তা সত্যি অপ্রত্যাশিত এবং হতাশাজনক। আপনার উচিত হবে কিছুদিনের জন্য বিরতি নেওয়া। আপনি একজন সফল, শিক্ষিত মানুষ। বিয়েকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর জন্য স্বাভাবিকভাবেই আপনি ভেঙে পড়েছেন। এ জন্য যদি কোনো মনোরোগ চিকিৎসকের পরামর্শ নেন, সেটাও আপনার জন্য ভালো হবে। আপনার ভুলের কারণে অঘটনগুলো হয়নি। নিশ্চয়ই আপনি আপনার শক্তি ফিরে পাবেন।

 আমার স্বামীর সঙ্গে তালাক হয়েছে প্রায় ১০ বছর। 
আমি আর বিয়ে করিনি, কারণ আমার মেয়ে। সে প্রথম শ্রেণীতে পড়ে। ২০০৮ সালের দিকে এক ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। সে আমার মেয়েকে পড়াত। আমার মেয়ে ওকে খুব পছন্দ করে। আমরা ২০১২ সালে বিয়ে করি। আমার স্বামীর বয়স এখন ২৪ বছর আর আমার ৪৫। আমার সমস্যা হলো আমার গর্ভে ওর সন্তান, কিন্তু আমি আমার পরিবারকেও জানাতে পারছি না। ও ওর পরিবারকেও জানাতে পারছে না বয়সের ব্যবধানের কারণে।
সাথী
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
 আপনারা বয়স উপেক্ষা করে বিয়ে করেছেন। গর্ভে সন্তান এসেছে। আপনার মেয়ে বিষয়টা জানে। এখন বয়স নিয়ে মানুষ কী বলবে, এই ভয়ে বসে থাকলে চলবে না। আপনাদের উচিত বিষয়টা দুই পরিবারকে জানানো। আপনাদের তো বটেই, মেয়েটারও পায়ের নিচের মাটিটা শক্ত হওয়া প্রয়োজন। আর যে শিশুটার জন্ম হতে যাচ্ছে, তার জন্য একটা শিশুবান্ধব পরিবেশ দরকার। প্রয়োজনটা মাথায় রাখতে হবে।

২০০৩ সালে আমি নবম শ্রেণীতে পড়তাম।
 চিঠির মাধ্যমে ছেলেটির সঙ্গে পরিচয় হয় আমার। প্রথমে ভেবেছিলাম প্রেম করব না। পরে ভালো লেগে যায়। দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলি। এভাবে কেটে যায় নয়টি বছর। কিন্তু এখন তার মা নাকি আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছেন না। তিনি শর্ত দিয়েছেন, আমাকে বিয়ে করলে ওকে ত্যাগ করবেন। ও বাবা-মায়ের একমাত্র ছেলে। আমি চাই না আমার জন্য ও বাবা-মাকে কষ্ট দিক। ও আমাকে ভুলে যেতে বলে। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। প্রতিদিন চিৎকার করে কান্নাকাটি করি। ১০ বছরের বেশির ভাগ সময় দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা ওকে ঘিরে থাকতাম। আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু তখনই ওর মুখটা মনে পড়ে।
নির্ঝর
 ছেলেটি এত দিনের সম্পর্কটাকে আর ধরে রাখতে চাইছে না। বাবা-মাকে ভালোবাসা এক জিনিস আর কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া অন্য বিষয়। দুটি পাশাপাশি থাকতে পারে। ছেলেটির চেয়ে তোমার কষ্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি কষ্ট হচ্ছে তোমার। তবে এটা নিজে থেকে সারবে, সময়ে সব ক্ষত শুকিয়ে যায়। একজন বন্ধু তুমি যদি পাশে পাও, তার সব রকম সহায়তা নিয়ে শক্ত হয়ে দাঁড়াতে পারো। নেহাত যদি নিজের থেকে বিচ্ছেদটা সামাল না দিতে পারো, তবে ক্লিনিক্যাল থেরাপি নিতে পারো। ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা আছে।

আমি স্নাতক পর্যায়ে পড়ছি। 
প্রথম বর্ষে ভর্তি হওয়ার কয়েক মাস পর আমার এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক হয়। পাঁচ-ছয় মাস সম্পর্ক চলার পর সে অন্য একটি ছেলের সঙ্গে ফোনে কথা বলা শুরু করে। একপর্যায়ে সে আমার কাছে স্বীকার করে, কিন্তু আমার কাছে মিথ্যা বলার কারণে আমি তাকে চড় মারি। এতে সে আমার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। এখন আমরা দুজন দুজনার সঙ্গে দেখা হলেও কোনো কথা বলি না। কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে ভুলতে পারছি না। এতে আমার দৈনন্দিন কাজকর্ম ও পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে। এ অবস্থায় আমি কী করতে পারি?
বজলুর রহমান
নারায়ণগঞ্জ।
 মেয়েটি যে আরেকটি ছেলের সঙ্গে কথা বলত, সেটা থেকে একটা ব্যাপার প্রকাশ পায় যে মেয়েটি সেই ছেলেটির সঙ্গে হয়তো বা সম্পর্কে জড়িয়ে পড়েছে। তা ছাড়া তুমি যে মেয়েটিকে চড় মেরেছ, তাতে করে মেয়েটির আত্মসম্মানে প্রচণ্ডভাবে লেগেছে। মেয়েটির গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি। জোর-জবরদস্তি করে তো সম্পর্ক গড়া যায় না। তুমি বরং নিজের জীবনটা সামলাও। মেয়েটার পেছনে ছুটলে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট আরও বাড়বে বৈ কমবে না। বরং নিজের মনোবল বাড়াও, অন্যান্য কাজের মধ্যে থাকো, লেখাপড়া আছে, তা ছাড়া ব্যায়াম করলেও নিজেকে অনেক ভালো রাখা যায়। এখন তোমার মধ্যে শক্তি বাড়ানো তোমার কাজ।